টালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে এবার একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। জাতীয় পুরস্কারজয়ী পরিচালক অর্জুন দত্তের নতুন মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘আরএসভিপি মার্ডার’-এ অভিনয় করবেন তারা। পাহাড়ের মনোরম পরিবেশে রহস্য, সন্দেহ, ঈর্ষা ও বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি।
প্রযোজক অভিজিৎ চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠান শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন রূপম গোস্বামী।
সিনেমার গল্প শুরু হবে পাহাড়ের পটভূমিতে একটি আনন্দঘন অনুষ্ঠান বা পার্টিকে ঘিরে। কিন্তু সেই উৎসবের আমেজে হঠাৎ একটি অস্বস্তিকর বার্তা এসে সবকিছু বদলে দেয়। আনন্দের পরিবেশ মুহূর্তেই রূপ নেয় রহস্যে। এরপর শুরু হয় এক হত্যাকাণ্ডের তদন্ত। তদন্ত যত এগোতে থাকে, ততই সামনে আসতে থাকে পরিচিত মানুষগুলোর অজানা দিক।
বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা মুখোশ, দাম্পত্য জীবনের টানাপোড়েন, পারিবারিক ক্ষোভ, ঈর্ষা ও বিশ্বাসঘাতকতার নানা দিক উঠে আসবে গল্পে। আপাতদৃষ্টিতে স্বাভাবিক সম্পর্কগুলোর আড়ালে প্রত্যেকেরই যেন রয়েছে কোনো না কোনো গোপন সত্য। রহস্যের পাশাপাশি সিনেমাটিতে থাকবে ডার্ক হিউমার ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব।
এই সিনেমার অন্যতম আকর্ষণ জয়া আহসান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা। সিনেমাটিতে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী। তিনি বলেন, ‘অর্জুনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। ছবির গল্প এবং আমার চরিত্রটা দারুণ। এর আগে এমন ধরনের চরিত্রে আমি কখনও অভিনয় করিনি। দর্শক আমাকে একদম নতুন রূপে দেখতে পাবেন।’
অন্যদিকে জয়া আহসান বলেন, ‘অর্জুন আমার অত্যন্ত পছন্দের একজন পরিচালক। আরএসভিপি মার্ডার একটি মার্ডার মিস্ট্রি, আর এই ছবির অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। চরিত্রটি ফুটিয়ে তোলার মধ্যে একটা আলাদা চ্যালেঞ্জ রয়েছে।’
জয়া ও শ্রাবন্তী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, মিষ্টু (অভিপ্সা) চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায় ও গৌরব রায়চৌধুরীসহ আরও অনেকে।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আশীর্বাদ মৈত্র ও অর্জুন দত্ত। চিত্রগ্রহণে সুপ্রতিম ভোল, সম্পাদনায় সুজয় দত্ত রায় এবং সংগীত পরিচালনায় রয়েছেন মৈনাক মজুমদার ও অভিজিৎ চট্টোপাধ্যায়। শিল্প নির্দেশনার দায়িত্বে রণজিৎ ঘোড়াই এবং পোশাক পরিকল্পনায় পৌলমী গুপ্ত।
পাহাড়ের শান্ত পরিবেশের আড়ালে মানুষের সম্পর্কের অন্ধকার দিক ও এক হত্যার রহস্য নিয়ে নির্মিত হতে যাওয়া ‘আরএসভিপি মার্ডার’ নিয়ে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।



